কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই আগুন সন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও সহিংসতা চালিয়ে দলটি বারবার তাদের রাজনৈতিক চরিত্রের পরিচয় দিচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগ করছে, তাদের জন্য এটি নতুন কোনো ঘটনা নয়। ধ্বংসের রাজনীতিই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। গেজেট অনুযায়ী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ এবং সভা আয়োজনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ।
প্রতিমন্ত্রী আরও বলেন, দলটির কার্যক্রমের পাশাপাশি এসব কর্মকাণ্ডের প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমকেও বিবেচনায় রাখতে হবে বলে তিনি মনে করেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা নিয়ে তিনি বলেন, রাতের আঁধারে কয়েকজন এসে বিভিন্ন স্থানে স্লোগান দিয়ে চলে যেতে পারে কিংবা গাড়ি ও বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে এসব ঘটনার মাধ্যমে আগুন সন্ত্রাসের সঙ্গে কারা জড়িত, তা বারবার সামনে আসছে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও এ বিষয়ে সতর্ক রয়েছেন। পুলিশসহ বিভিন্ন বাহিনী সন্ত্রাসী সংগঠন ও তাদের সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতাকে বাংলাদেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। দেশের জনগণ এ বিচার দেখতে চায়।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) দাবিদাওয়া ও প্রস্তাব প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সংগঠনটির নেতারা বেশ কিছু দাবি এবং নীতিমালা পরিবর্তনের প্রস্তাব তুলে ধরেছেন। টেলিভিশন চ্যানেলগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা, সম্প্রচারব্যবস্থাকে আধুনিক করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।
তিনি জানান, বিজেসি তাদের দাবিগুলো লিখিতভাবে সরকারের কাছে জমা দেবে। সেগুলো পর্যালোচনা ও বিবেচনার পর সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো ইচ্ছা সরকারের নেই।
মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্যসচিব ইলিয়াস হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









