আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ ও যোগ্য শিক্ষার্থী তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শিক্ষাব্যবস্থার বাস্তব উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-এন্যুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এহসানুল হক মিলন বলেন, বর্তমানে দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় ৫ কোটি ৮০ লাখ। এই বিশাল তরুণ জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা ও মেধার বিকাশে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছে। দেশের বিপুলসংখ্যক তরুণ এখনো এক ধরনের অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে। তাদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, শিক্ষাবিদ এবং শিক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








