উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করে এশিয়া সফরে একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত বহুল আলোচিত সেই বৈঠক আর হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীন সফর শেষে এশিয়া ছাড়েন ট্রাম্প, কিমের সঙ্গে কোনো সাক্ষাৎ ছাড়াই।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বৈঠকের আগ্রহের বিপরীতে পুরো সময় নীরব ছিল পিয়ংইয়ং। এ সময় কিমকে দেখা গেছে একটি স্কি রিসোর্ট, পবিত্র মাউন্ট পেকতু এবং একটি নৌ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে কিমের আপাতত তেমন আগ্রহ নেই।
ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত বৈঠকসহ আগের সম্মেলনগুলোর লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা। তবে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় আলোচনা। হ্যানয় থেকে কিমকে ৬০ ঘণ্টার ট্রেনযাত্রায় দেশে ফিরতে হয়েছিল।
হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর থেকেই কিমের সঙ্গে নতুন করে বৈঠকের আগ্রহ দেখিয়ে আসছেন ট্রাম্প। এবারের এশিয়া সফরেও তিনি এমন সম্ভাবনার কথা তুলেছিলেন। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
বৃহস্পতিবার দেশে ফেরার পথে ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, তবে এবার দেখা হয়নি। একাধিক বৈঠকের ব্যস্ততার কারণে সাক্ষাৎ সম্ভব হয়নি বলেও জানান তিনি। ভবিষ্যতে কোনো একসময় তাদের বৈঠক হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে বিশ্লেষকেরা বলছেন, বৈঠকের বিষয়ে বাস্তব কোনো কূটনৈতিক যোগাযোগ হয়েছিল কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল-চুলের মতে, ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পর্দার আড়ালে কার্যকর যোগাযোগের প্রমাণ স্পষ্ট নয়। আর ডংগুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কো ইউ-হোয়ানের মতে, শীর্ষ পর্যায়ের বৈঠকের আগে বিশেষ দূত বিনিময় ও কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা প্রয়োজন। যথাযথ প্রস্তুতি ছাড়া কেবল প্রচারণার জন্য বৈঠকে বসার কারণ কিমের নেই।
বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো কোনো পদক্ষেপ না নিলে পিয়ংইয়ংয়ের অবস্থান বদলানোর সম্ভাবনা কম। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করার দাবি জানিয়ে আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানও এ বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
এ ছাড়া চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ কমিয়ে দিতে পারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার বিনিময়ে পিয়ংইয়ং অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাচ্ছে বলে বিশ্লেষকদের মত। পাশাপাশি চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাও বাড়ছে।
তবে বৈঠকের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। উত্তর কোরিয়া সরাসরি ‘না’ বলেনি বলে ভবিষ্যতে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করছেন দেশটির উত্তর কোরিয়া অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান ইয়াং মু-জিন। তার মতে, ট্রাম্প এখনো কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী, আর পিয়ংইয়ংয়ের অবস্থানও পুরোপুরি স্পষ্ট নয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








