প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডাঃ জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে একটি উপস্থাপনা দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
সভায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও সেই সরকারের অংশ। সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।” তিনি আরও বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী মেনিফেস্টোর বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে।” তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সকল এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান।
তিনি আরও বলেন, “দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; তারা যেন নিরাপদ বোধ করে। আমরা সকলে যদি একসাথে কাজ করি, তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারব।” এছাড়া দেশের দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা আশা করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয় বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন যাতে জাতিকে একটি সুশৃঙ্খল স্থানে পরিণত করা যায়।
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধানগণ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









