পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তবে এটি প্রাথমিকভাবে পাইলট আকারে ৮ থেকে ৯টি উপজেলায় চালু হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (০৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা হয়েছে। আমরা যারা ওই কমিটিতে ছিলাম, আমরা আশা করছি যে, ইনশাআল্লাহ পহেলা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারব। আশা করি পহেলা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারব।
এটি সারা দেশে একযোগে নাকি পাইলট ভিত্তিতে চালু হবে—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাইলট আকারে যাবে এটি। এখন ৮–৯টি উপজেলার মধ্যে যাবে।
একটি কার্ডের মাধ্যমে কৃষকরা কী ধরনের সুবিধা পাবেন—জানতে চাইলে তিনি বলেন, যারা প্রান্তিক কৃষক আছেন, একেবারে প্রান্তিক কৃষক, তাদের কিছু সুবিধা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মতো। আর পরে প্রকৃতপক্ষে আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষিজমি, কৃষিপণ্য, জাত—সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারেন এবং সরকারের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসতে পারে।
বিনামূল্যে সার-বীজের কথা বলা হয়েছিল। বিনামূল্যে সার-বীজ কি পাবেন কৃষকরা—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনামূল্যে সার বোধহয় প্রান্তিক কৃষকদের ব্যাপারে বা একেবারে গরিব কৃষকদের ক্ষেত্রে ছিল। এটা নিয়ে আজ আমাদের আলোচনা হয়নি।
আপনাদের কাছে কৃষক বলতে কারা এই পাইলট প্রকল্পে থাকবেন? কৃষক হিসেবে কাদের আপনারা চিহ্নিত করছেন—জানতে চাইলে তিনি বলেন, যারা উৎপাদনের সঙ্গে জড়িত, তারাই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









