ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সব ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা যাবে না মর্মে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। আদেশে স্পষ্ট জানানো হয়েছে, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো স্মারকের আলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো প্রার্থী বা তাদের পক্ষে অন্য ব্যক্তিরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের জমায়েত করে প্রচারণার চেষ্টা করছেন। এসব ক্ষেত্রে ভেন্যু হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহারের প্রবণতাও দেখা যাচ্ছে।
এতে আরও বলা হয়েছে, অনেক সময় রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানেরা স্থানীয়ভাবে এসব প্রতিষ্ঠানকে সমাবেশের ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এই অবস্থায় রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সভা, সমাবেশ বা কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









