এসএসসি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সুন্দর পরিবেশে এবার এসএসসি পরীক্ষা হয়েছে। কোনো অভিযোগ এলে সিসিটিভি ফুটেজ থেকে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সাত দিন সংরক্ষণের নির্দেশ দিয়েছি। প্রয়োজনে সেগুলো আবারও যাচাই করে দেখা হবে।
তিনি বলেন, ‘মিডিয়া সজাগ থাকলে নকল হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। আমি কোথায় থাকি সেটা মুখ্য নয়, কোনো ঘটনা ঘটলে আপনারা নিউজ দিয়ে দিবেন।’
পরীক্ষাকেন্দ্রে বিভিন্ন ভুল সিদ্ধান্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রসচিবরা হলেন পরীক্ষার্থীদের অভিভাবক। শিক্ষার্থীদের কোনো ভুল হলে সেটা কীভাবে সামাল দেবেন এটা তাদের জানার কথা এবং জানেনও। শিক্ষকদের এ ধরনের ট্রেনিং আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









