কালবৈশাখী ঝড় সম্পর্কিত বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল ছাড়া দেশের বাকি সাত বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে। তবে বরিশাল অঞ্চলে বৃষ্টি হতে পারে।
সোমবার (২৭ এপ্রিল) বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, এদিন বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বজ্রপাতসহ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সকালের নিয়মিত বুলেটিনে জানিয়েছে, সকাল ৯টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি রাঙ্গামাটি, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলার উপর দিয়ে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এই সময়ে দেশের সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে টাঙ্গাইলে। এছাড়া, কিশোরগঞ্জের নিকলিতে ৫৪, রংপুর, সিরাজগঞ্জের তাড়াশে ৫১ মিলিমিটার এবং সিলেটের শ্রীমঙ্গলে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, বরিশাল অঞ্চলে বৃষ্টি হতে পারে, তবে কালবৈশাখীর সম্ভাবনা কম। আগামী চারদিন এরকম ঝড়বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এরপর থেকে কমে আসবে।
এরপরও রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। তবে, সারাদেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









