নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এরআগে, ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের স’মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খোরশেদ মন্ডলের ছেলে আজাহার আলী (৪৫), জামাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর হোসেনের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), খোরশেদ মন্ডলের ছেলে হাসান (৩০), বগুড়া জেলার গাবতলী উপজেলার আনারুল হকের ছেলে রনি (৩২) ও মান্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর এলাকার শহিদুলের স’মিলের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান।
এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, “গ্রেপ্তারকৃতরা ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়াও তারা জয়পুরহাট ও বগুড়াসহ বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। আসামিরা গ্রেপ্তার হওয়ায় সড়কে ডাকাতি কমে আসবে। পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
সংবাদ সম্মেলনে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীব ব্যানার্জীসহ পুলিশ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









