কক্সবাজার শহরের এন্ডারসন রোডের একটি আবাসিক হোটেল থেকে অর্জুন দাশ (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল নিশীতার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ফেনী জেলার বাসিন্দা এবং শ্রীধাম চন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে হোটেলের ওই কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে বুধবার বিকেলে কক্ষের সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান হোটেল কর্মীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে। দীর্ঘ সময় ধরে কক্ষে পড়ে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকালে মরদেহটি নগ্ন অবস্থায় ছিল এবং পাশ থেকে একটি গামছা পাওয়া গেছে।
পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, নিহতের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









