প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে ভারত বা চীন সফরে যেতে পারেন।’’
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুনে বন্ধুত্বপূর্ণ দেশ, যেমন—চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়, ওই দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের সঙ্গে মিলিয়ে সফরসূচি সাজানোর কাজ চলছে।
একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি পুশইন ঘটে, তবে বাংলাদেশও তার উপযুক্ত জবাব দেবে।
নিজের চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ কথা হবে, যা প্রধানমন্ত্রীর একটি অঙ্গীকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









