সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় মাঠপর্যায় থেকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।’’
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে, আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের ও জনমনে বিশ্বাস জন্মেছে।’’
তিনি আরও বলেন, ‘‘সে অবস্থায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছি, একথা সত্য। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা বসে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেবে।’’
চলমান অভিযান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘অভিযান পরিচালনা হচ্ছে। অভিযানে প্রতিনিয়ত দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।’’
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে বলেন, ‘‘কোথাও কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এককভাবেও অভিযান চালাচ্ছে। এসব অভিযানের দৃশ্যমান অগ্রগতি রয়েছে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









