অচিন্ত্যকুমার সেনগুপ্ত ছিলেন বাংলা সাহিত্যের এক বহুমাত্রিক প্রতিভা। কবি, ঔপন্যাসিক, গল্পকার, সম্পাদক ও স্মৃতিচারণাকার। কল্লোল যুগের অন্যতম প্রধান লেখক হিসেবে তিনি বাংলা সাহিত্যে আধুনিকতার নতুন সুর সংযোজন করেন।
১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর নোয়াখালী শহরে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব ও কৈশোর কেটেছে নোয়াখালীতে। পিতার মৃত্যুর পর তিনি কলকাতায় বড় দাদার কাছে চলে যান এবং সেখানেই তাঁর শিক্ষা ও সাহিত্যজীবনের ভিত্তি রচিত হয়।
কলকাতার সাউথ সাবার্বান স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আশুতোষ কলেজ থেকে আইএ এবং ইংরেজি সাহিত্যে অনার্সসহ বিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে এমএ এবং এরপর বিএল ডিগ্রি লাভ করেন।
কলেজ জীবনেই অচিন্ত্যকুমার সেনগুপ্তের সাহিত্যচর্চা শুরু। সে সময় তিনি ‘প্রবাসী’ পত্রিকায় নিয়মিত লেখা পাঠাতেন, কিন্তু একের পর এক লেখা প্রত্যাখ্যাত হতে থাকে। অবশেষে এক বন্ধুর পরামর্শে তিনি নারীর ছদ্মনামে কবিতা পাঠানোর কৌশল নেন। ‘নীহারিকা দেবী’ নাম দিয়ে পাঠানো তাঁর কবিতা ‘প্রভাতে’ প্রকাশিত হয় ‘প্রবাসী’ পত্রিকার আশ্বিন সংখ্যায়।
১৯২৫ সালে তিনি ‘কল্লোল’ পত্রিকার প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেন এবং কিছুদিন ‘বিচিত্রা’ পত্রিকাতেও কাজ করেন। কর্মজীবনে ১৯৩১ সালে মুন্সেফ হিসেবে যোগ দিয়ে পর্যায়ক্রমে সাবজজ, জেলা জজ এবং ল কমিশনের স্পেশাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন।
অচিন্ত্যকুমার সেনগুপ্তের গ্রন্থসংখ্যা প্রায় ৭০টি। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- কাকজ্যোৎস্না, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, প্রথম কদমফুল।
কাব্যগ্রন্থ হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য- অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, পূর্ব-পশ্চিম, উত্তরায়ণ।
গল্পগ্রন্থেও তিনি সমানভাবে স্বতন্ত্র- টুটাফুটা, কাঠ খড় কেরোসিন, চাষাভূষা, একরাত্রি ইত্যাদি তার উদাহরণ।
এছাড়া তিনি লিখেছেন জীবনীগ্রন্থ- পরম পুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ, বীরেশ্বর বিবেকানন্দ, এবং নাটকের বই একাঙ্ক নাট্য-সংকলন। তাঁর স্মৃতিচারণামূলক গ্রন্থ ‘কল্লোল যুগ’ বাংলা সাহিত্যপাঠকদের মধ্যে বিশেষভাবে সাড়া জাগায় এবং সে সময়ের সাহিত্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।
১৯৭৬ সালের ২৯ জানুয়ারি কলকাতায় এই প্রখ্যাত সাহিত্যিকের জীবনাবসান ঘটে।
কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্তের ৫০তম মৃত্যুবার্ষিকীতে অতল শ্রদ্ধা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









