বিশ্বনাট্য ইতিহাসে কিছু নাম কেবল নাট্যকার হিসেবে নয়, সময়ের বিবেক হিসেবে আজও সমভাবে উচ্চারিত হয়। আর্থার মিলার তেমনই এক ব্যক্তিত্ব, যিনি নাটককে বিনোদনের সীমা পেরিয়ে মানুষের জীবন, সমাজ, নৈতিকতা ও রাজনৈতিক বাস্তবতার দর্পন করে তুলেছিলেন।
আর্থার মিলার ১৯১৫ সালের ১৭ অক্টোবর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন ব্যবসায়ী, মা পোশাক তৈরির কারখানার মালিক। কিন্তু ১৯৩০ এর মহামন্দায় অর্থনৈতিক বিপর্যয়ে পরিবার পড়ে কঠিন সংকটে। অভাব, হতাশা আর ভাঙা স্বপ্ন এই অভিজ্ঞতাই পরবর্তীতে তাঁর নাটকের মূল উপজীব্য হয়ে ওঠে।
স্কুল শেষে জীবিকার তাগিদে গুদামে কাজ করতেন। সেই টাকায় ভর্তি হন মিশিগান বিশ্ববিদ্যালয়ে। সেখানেই নাট্যচর্চার ভিত গড়ে ওঠে। ১৯৪৪ সালে ব্রডওয়েতে মঞ্চস্থ হয় তাঁর প্রথম নাটক 'দি ম্যান হু হ্যাড অল দ্য লাক'। তবে তা ব্যর্থ হলে ভেঙে পড়েন মিলার।
১৯৪৭ সালে 'অল মাই সানস' তাঁকে এনে দেয় নিউইয়র্ক ড্রামা ক্রিটিকস সার্কেল পুরস্কার। যুদ্ধাস্ত্র কারখানার অনৈতিকতা ও পারিবারিক দায়বদ্ধতার গল্পে নাটকটি দর্শকদের নাড়া দেয়। আর ১৯৪৯ সালে 'ডেথ অব আ সেলসম্যান' তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। নিম্ন-মধ্যবিত্ত বিক্রেতা উইলি লোম্যানের জীবনসংগ্রাম, ভেঙে যাওয়া ‘আমেরিকান ড্রিম’ আর বাবা-ছেলের সম্পর্ক সব মিলিয়ে এটি হয়ে ওঠে আধুনিক নাটকের এক অনন্য ক্লাসিক। এ নাটকের জন্য তিনি অর্জন করেন পুলিৎজার পুরস্কার।
মিলারের লেখায় পারিবারিক আবহ ও মানবিক দ্বন্দ্ব সবসময়ই প্রধান। তবে তিনি রাজনৈতিক সত্য উচ্চারণেও ছিলেন নির্ভীক। ১৯৫৩ সালে রচিত 'দি ক্রুসিবল' নাটকে ম্যাকার্থি আমলের কমিউনিস্টবিরোধী উন্মাদনা ও ধর্মীয় গোঁড়ামিকে প্রতীকীভাবে তুলে ধরেন। এ নাটক ঘিরে তাঁকে আদালত পর্যন্ত যেতে হয়। কিন্তু নিজের অবস্থান থেকে সরেননি।
ব্যক্তিগত জীবনও ছিল নাটকীয়। হলিউড তারকা মেরিলিন মনরোর সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ে ছিল আলোচিত। মনরোর জন্য তিনি লেখেন 'দি মিসফিটস' এর চিত্রনাট্য। যদিও তাদের সম্পর্ক টেকেনি। পরে অস্ট্রিয়ান ফটোগ্রাফার ইগনে মোরাথকে বিয়ে করেন। সংসার, সন্তান সবকিছুর মাঝেও লেখালেখি থামেনি কখনও।
মিলার নিজেই বলেছিলেন,“আমার প্রতিটি নাটক আসলে আমার আত্মজীবনী। যেখানে আমি নেই, সেই নাটক আমি লিখতেই পারি না।”
২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি পৃথিবী থেকে চিরবিদায় নেন। আর্থার মিলার প্রমাণ করে গেছেন নাটক শুধু বিনোদন নয়, সমাজের আত্মসমালোচনার শক্তিশালী হাতিয়ার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









