বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়কদের অন্যতম মান্না, যার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৩ বছর বয়সে চির বিদায় নেন এই সুপারস্টার। তাঁর ১৮তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা।
১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। স্থানীয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে তিনি ঢাকার ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন।
১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধান’ কর্মসূচির মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে তাঁর। বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক-এর হাত ধরেই বড় পর্দায় সুযোগ পান মান্না। তাঁর প্রথম চলচ্চিত্র ‘তওবা’।
অভিষেকের পর দ্রুতই একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে দেশের শীর্ষ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। অভিনয়জীবনে তিন শতাধিক সিনেমায় কাজ করেছেন মান্না। একসময় প্রেক্ষাগৃহে তাঁর সিনেমা মুক্তি মানেই ছিল দর্শকের ঢল ও নিশ্চিত বাণিজ্যিক সাফল্য।
বাংলাদেশের চলচ্চিত্র যখন অশ্লীলতার সংকটে পড়েছিল, তখন সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের প্রত্যয়ে তিনি গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী চলচ্চিত্র। তাঁর প্রযোজনায় নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- লুটতরাজ, স্বামী-স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় অভিনেতা। মাত্র চার দশকের জীবনেই তিনি যে বিপুল জনপ্রিয়তা ও দর্শকনির্ভর চলচ্চিত্রধারা নির্মাণ করেছিলেন, তা আজও বাংলা সিনেমায় এক অনন্য দৃষ্টান্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









