মৌলিক অধিকার রক্ষাকল্পে মাতৃভাষা বাংলাকে ঘিরে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে দেশটির অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ রোপিত হয়েছিল বহু আগে, অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী।
ভাষা শহীদ আব্দুল জব্বার
আব্দুল জব্বার ১৩ আগস্ট ১৯১৯ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম হাসেন আলী এবং মাতার নাম সাফাতুন্নেসা। তিনি পেশায় একজন সাধারণ গ্রামীণ কর্মজীবী ছিলেন। পরিবারে পিতা-মাতা, পাঁচ ভাই ও দুই বোন ছিলেন। তিনি আমেনা খাতুনকে বিবাহ করেন। আন্দোলনের সময় তাঁর একমাত্র পুত্র নুরুল ইসলাম বাদলের বয়স ছিল ১৫ মাস। তিনি শাশুড়ির চিকিৎসার জন্য ঢাকায় এসে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে তিনি ভাষা আন্দোলনে শহীদ হন।
ভাষা শহীদ রফিক উদ্দীন আহমদ
রফিক উদ্দীন আহমদ ৩০ অক্টোবর ১৯২৬ খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার পারছিল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আব্দুল লতিফ এবং মাতার নাম রাজিয়া খানম। তিনি মানিকগঞ্জের দেবেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ২০০০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তিনি শহীদ হন।
ভাষা শহীদ আবুল বরকত
আবুল বরকত ১৬ জুন ১৯২৭ খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের মুর্শিদাবাদ জেলার বাবলা ভরতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী শামসুজ্জোহা (ভুলু মিয়া) এবং মাতার নাম হাজী হাসিনা বিবি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএ শ্রেণির ছাত্র ছিলেন এবং পড়াশোনার জন্য ঢাকার পুরানা পল্টনে বাস করতেন। পরিবারে তিন বোন ও দুই ভাই ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তিনি শহীদ হন।
ভাষা শহীদ আব্দুস সালাম
আব্দুস সালাম ২৭ নভেম্বর ১৯২৫ খ্রিস্টাব্দে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মো. ফাজিল মিয়া এবং মাতার নাম দৌলতন নেছা। তিনি ডাইরেক্টর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসে রেকর্ড কিপার পদে কর্মরত ছিলেন। পরিবারে তিন বোন ও চার ভাই ছিলেন, তিনি ছিলেন জ্যেষ্ঠ সন্তান। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তিনি ভাষা আন্দোলনে শহীদ হন।
সকল ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









