গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন।
১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে তাঁর জন্ম। প্রায় ছয় দশকের সঙ্গীতজীবনে তিনি ২০ হাজারেরও বেশি গান রচনা করে বাংলা সংগীতভাণ্ডারকে অসামান্যভাবে সমৃদ্ধ করেছেন।
শুধু গীতিকার নন, গাজী মাজহারুল আনোয়ার ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকও, তিনি প্রায় ৪১টি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেন। বাংলাদেশ টেলিভিশনের সূচনালগ্ন থেকেই তাঁর গানের পদচারণা। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় তাঁর লেখা তিনটি গান স্থান পায় যা তাঁর জনপ্রিয়তা ও শিল্পমূল্যের প্রমাণ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী গানের জন্য তিনি রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। একই বছর যৈবতী কন্যার মন চলচ্চিত্রের গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের স্বীকৃতিও অর্জন করেন।
তাঁর কালজয়ী গানের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। জয় বাংলা বাংলার জয়, আছেন আমার মোক্তার, এক তারা তুই দেশের কথা, শুধু গান গেয়ে পরিচয়, এই মন তোমাকে দিলাম, ইশারায় শিস দিয়ে, চোখের নজর এমনি কইরা, চলে আমার সাইকেল হাওয়ার বেগে প্রভৃতি গান যুগে যুগে বাঙালির আবেগ, প্রেম ও দেশাত্মবোধকে সুরে-শব্দে ধারণ করেছে।
২০২২ সালের ৪ সেপ্টেম্বর এই অমর গীতিকবি প্রয়াত হন। কিন্তু তাঁর লেখা গান আজও বাঙালির কণ্ঠে, হৃদয়ে ও ইতিহাসে অনির্বাণ। জন্মদিনে এই গুণীজনের প্রতি গভীর শ্রদ্ধা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









