ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সেরা সুন্দরী অভিনেত্রীর তকমা আজও কেউ কেড়ে নিতে পারেনি। একমাত্র এই আখ্যার অধিকারী ছিলেন মধুবালা। পুরোনাম মমতাজ জাহান দেহলভী, যিনি মধুবালা নামেই বিশ্বজুড়ে সমাদৃত। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম উজ্জ্বল ও প্রভাবশালী অভিনেত্রী। তার সৌন্দর্য, পর্দা-উপস্থিতি এবং অভিনয়প্রতিভা তাকে চিরকালীন কিংবদন্তির মর্যাদা দিয়েছে।
সমসাময়িক দুই বিখ্যাত অভিনেত্রী নার্গিস ও মীনা কুমারীর পাশে দাঁড়িয়েও তিনি নিজস্ব দীপ্তিতে স্বতন্ত্র ছিলেন। অনেকের মতে, তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সর্বাধিক সুন্দর ও আকর্ষণীয় অভিনেত্রী।
মধুবালা ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে ‘মমতাজ জাহান’ নামে অভিনয়জগতে প্রবেশ করলেও কিংবদন্তি অভিনেত্রী ও প্রযোজক দেবিকা রাণী তার নতুন নাম রাখেন ‘মধুবালা’। আর এই নামই তাকে অমর করে রাখে। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও মাত্র ১৪ বছর বয়সে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পরিচালক কিদার শর্মার চলচ্চিত্র নীলকমল এ, যেখানে তার সহঅভিনেতা ছিলেন পরবর্তীকালের মহান অভিনেতা রাজ কাপুর।
তিনি অভিনয়জীবনে প্রায় ৭০টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে বহু চলচ্চিত্র আজও ধ্রুপদী হিন্দি সিনেমার মর্যাদা পায়। তার ক্যারিয়ারের শিখর হিসেবে বিবেচিত হয় মুঘল-ই-আজম (১৯৬০), যেখানে আনারকলির ভূমিকায় তার অভিনয় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে আছে।
তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ৩৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
স্বল্পায়ু হলেও মধুবালার শিল্পসাধনা ও সৌন্দর্যের মুগ্ধতা আজও চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে অম্লান। তিনি শুধু এক যুগের নায়িকা নন তিনি ভারতীয় সিনেমার চিরন্তন রূপকথা।
আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









