উপমহাদেশের কিংবদন্তি গজলশিল্পী তালাত মাহমুদ। ১৯২৪ সালের ২৪ ফেব্রুয়ারি ভারতের লখনউয়ে জন্ম নেওয়া এই মধুরকণ্ঠ শিল্পী তার অনন্য গায়কি, সৌন্দর্যচেতনা ও আবেগঘন পরিবেশনার জন্য ‘গজল সম্রাট’ হিসেবে অমর হয়ে আছেন। তিনি বিশ্বের প্রায় ১২টি ভাষায় ৮০০এর বেশি গান গেয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। বাংলা ভাষায় গাওয়া তার জনপ্রিয় গান- “তোমারে লেগেছে এতো যে ভালো, চাঁদ বুঝি তা জানে”তাঁকে বাঙালি শ্রোতার হৃদয়ে বিশেষ স্থান দিয়েছে।
সংগীতজীবনের শুরুতে ‘তপন কুমার’ ছদ্মনামে গান করলেও দ্রুতই তিনি তালাত মাহমুদ নামে খ্যাতি পান। ১৯৪৪ সালে তার গানের ডিস্ক সর্বাধিক বিক্রীত রেকর্ডের স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে তিনি কলকাতা ও বোম্বের প্রায় ১৬টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য পায়, এতে তার বহুমুখী প্রতিভার পরিচয় মেলে।
১৯৪৯ সালে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাকের উদ্দেশ্যে বোম্বে পাড়ি জমান তিনি। সুরকার অনিল বিশ্বাসের সুরে চলচ্চিত্র আরজু’র গান “ঐ দিল মুঝে আইসি জগাহ লে চল” তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর ‘সব দিন সমান নহি থা’, ‘বন জাও গিয়া’, ‘ইসকা তো কুছ ধ্যান নহি থা’ প্রভৃতি গানে তিনি গজলের মাধুর্যকে চলচ্চিত্রসংগীতে অনন্য উচ্চতায় পৌঁছে দেন।
গজল ও চলচ্চিত্রসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার ১৯৯২ সালে তাকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে। দীর্ঘ সংগীতজীবনের শেষে ১৯৯৮ সালের ৯ মে তিনি পরলোকগমন করেন।
তালাত মাহমুদের মধুর কণ্ঠ, আবেগঘন উচ্চারণ ও গজলের সৌন্দর্য আজও উপমহাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে অনুরণিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









