বিশ্ব প্রযুক্তি ইতিহাসের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা ও উদ্ভাবক স্টিভ জবস। ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে জন্মগ্রহণ করা স্টিভেন পল জবসকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। তার দৃষ্টিভঙ্গি, নকশা-চেতনা ও প্রযুক্তি-নবায়ন বিংশ ও একবিংশ শতাব্দীর ডিজিটাল বিশ্বকে আমূল বদলে দিয়েছে।
কৈশোরে ক্যালিফোর্নিয়ার কুপারটিনো ও হোমস্টিড স্কুলে পড়াশোনা শেষে ১৯৭২ সালে তিনি রিড কলেজে ভর্তি হলেও পড়া শেষ করেননি। প্রযুক্তির প্রতি গভীর আকর্ষণ থেকেই বন্ধু স্টিভ ওজনিয়াকের সঙ্গে তিনি প্রথমে ‘ব্লু বক্স’ তৈরি করেন, যা টেলিফোন নেটওয়ার্কে বিশেষ টোন তৈরি করে দূরপাল্লার কল করা সম্ভব করত। পরে ১৯৭৬ সালে তারা প্রতিষ্ঠা করেন অ্যাপল কম্পিউটার কোম্পানি-গ্যারেজে সার্কিট বোর্ড বিক্রি দিয়ে যার যাত্রা শুরু।
অ্যাপল থেকে ১৯৮৫ সালে সরে গিয়ে তিনি প্রতিষ্ঠা করেন নেক্সট এবং অধিগ্রহণ করেন পিক্সারকে, যা পরবর্তীতে অ্যানিমেশন জগতে বিপ্লব আনে। ১৯৯৬ সালে অ্যাপল নেক্সট অধিগ্রহণ করলে জবস পুনরায় অ্যাপলে ফিরে আসেন এবং আইম্যাক, আইপড, আইফোন, আইপ্যাডের মতো পণ্য দিয়ে প্রযুক্তিকে মানুষের দৈনন্দিন জীবনের কেন্দ্রে নিয়ে আসেন।
অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে তিনি বছরে মাত্র ১ ডলার বেতন নিতেন তবু তার শেয়ার ও বিনিয়োগ তাকে বিশ্বের ধনীতম উদ্যোক্তাদের কাতারে স্থান দেয়। ২০১০ সালে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৮.৩ বিলিয়ন ডলার। জীবদ্দশায় তার নামে ৩০০এর বেশি মার্কিন পেটেন্ট নিবন্ধিত হয়।
অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ২০১১ সালের ৫ অক্টোবর তিনি পরলোকগমন করেন। কিন্তু তার সৃজনশীল দর্শন“প্রযুক্তি ও মানবিকতার মিলন”আজও বিশ্বকে পথ দেখায়। স্টিভ জবস শুধু একজন উদ্যোক্তা নন তিনি আধুনিক ডিজিটাল সভ্যতার স্থপতি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









