শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ০৬ জুলাই ২০২৬

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর প্রেমিকা গৌরি স্প্রাটকে বিয়ে করলেন বলিউড তারকা আমির খান।

রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে একান্ত ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিয়ের নিবন্ধন সম্পন্ন করেন এই তারকা জুটি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত অতিথিদের করতালির মধ্যে নাচে মেতে ওঠেন আমির ও গৌরি। একে অপরকে জড়িয়ে ধরে রোমান্টিক নাচে অংশ নেওয়ার সময় তাদের মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস।

আমির-গৌরির বিয়ের সেই আনন্দঘন মুহূর্তের ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে ইরফান লেখেন, ‘প্রিয় আমির ভাই ও গৌরি, তোমাদের বিয়েতে আন্তরিক অভিনন্দন। তোমাদের দাম্পত্য জীবন ভালোবাসা, সুখ, হাসি ও ঐক্যে ভরে উঠুক। আল্লাহ তোমাদের নতুন জীবনে অফুরন্ত আনন্দ ও অগণিত বরকত দান করুন। তোমাদের জন্য অনেক শুভকামনা।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নবদম্পতির নাচের সময় উপস্থিত স্বজন ও অতিথিরা করতালি দিয়ে তাদের উৎসাহিত করছেন। নাচ শেষে আবেগঘন আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরেন আমির ও গৌরি। ভিডিওর শেষ দিকে আমিরকে তার চিরচেনা রসিক ভঙ্গিতেও দেখা যায়।

বাবার জীবনের এই বিশেষ দিনে পাশে ছিলেন আমিরের বড় ছেলে জুনায়েদ খান, মেয়ে ইরা খান এবং ছোট ছেলে আজাদ রাও খান। অনুষ্ঠানে উপস্থিত ছিল গৌরি স্প্রাটের পুত্রসন্তানও।
