রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের (৮) পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাতে তিনি পল্লবীর ওই বাসভবনে যান।
পল্লবীতে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের বাসায় যান রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী রামিসার বাসায় পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কন্যাসন্তানকে হারিয়ে শোকে মূহ্যমান পিতার কান্না কিছুতেই থামছিল না। তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, “পবিত্র এই খুশির দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের একা ফেলে যাননি। ওনার পক্ষ থেকেই আমি আজ আপনাদের মাঝে এই খোঁজখবর নিতে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন আপনাদের আশ্বস্ত করতে, এই নরপিশাচ, হত্যাকারী ধর্ষকের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “রামিসার বড় বোন রাইসার ভবিষ্যৎ নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে রাইসার আগামী দিনের পড়াশোনার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা সবাই রাইসার অভিভাবক ও আত্মীয় হিসেবে এই পরিবারের পাশে আজীবন থাকব, ইনশাল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









