আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রের দায়িত্ব পেলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কবর জিয়ারতের সময় শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জামায়াত আমিরের পাশেই ছিলেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে জামায়াত আমির মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ‘হে আল্লাহ, জুলাই আন্দোলনে যারা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে, তুমি তাদের শহীদ হিসেবে কবুল করো।’
তিনি আরও বলেন, ‘আবু সাঈদের রেখে যাওয়া দায়িত্ব পালন করার তাওফিক আমাদের দান করো। আমরা অঙ্গীকার করছি, তাদের স্বপ্ন ও দাবির পূর্ণ বাস্তবায়ন করব। হে আল্লাহ, তুমি বাংলাদেশের ঘরে ঘরে এমন বিপ্লবী যুবক তৈরি করে দাও, যারা ঈমান ও জাতির পাহারাদার হবে এবং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।’
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, শহীদ আবু সাঈদের যে প্রেরণা ও চাওয়া ছিল, তাকে সমর্থন জানিয়েই জামায়াতে ইসলামী সামনের দিকে এগিয়ে যাবে। আগামীতে যাদের হাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যেন তাদের সাহায্য করেন সেই প্রার্থনাও করেন তিনি।
জামায়াত আমিরের আগমনকে ঘিরে পীরগঞ্জের বাবনপুর গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তাকে একনজর দেখার জন্য শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









