রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

তারেক রহমান

ক্ষমতায় এলে দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণ কাজ শুরু করা হবে

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

ক্ষমতায় এলে দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণ কাজ শুরু করা হবে

ধানের শীষ নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নির্বাচনে বিজয়ী হলে রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।’  

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা আড়াইটার পর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ ছাড়াও রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান। 

চাষিদের আর্থিকভাবে লাভবান করতে আমের জন্য হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ‘এই যে এখানে আম বাগান, আমাদের এই যে চাঁপাই শহর, রাজশাহীর যে আম বাগান— আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমগার নেই। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে, কীভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়; সেটা পরীক্ষা-নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমগার তৈরি করতে চাই এই এলাকায়।’

বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে জনগণের জয়যাত্রা। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বতী সরকারকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি।

এর আগে দুপুর ২টায় তারেক রহমান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান, তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান দুপুর ১২টায় আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুম (র.) এর মাজার জিয়ারত করেন।

ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। সমাবেশে তিনি এই তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

দলের প্রধানের আগমন উপলক্ষ্যে সকাল থেকেই রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়ছে সমাবেশস্থলে। স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। নেতাকর্মীদের হাতে রঙিন ব্যানার-ফেস্টুন, স্লোগানের প্লে-কার্ড আর দলীয় পতাকা দেখা গেছে। মঞ্চ প্রস্তুতি ও শব্দব্যবস্থার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। এছাড়া, সমাবেশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিতির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়া হবে। জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

রাজশাহীর সমাবেশ শেষ করে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। পথে আজ বিকেলে নওগাঁর এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এই সভায় নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

এরপর সন্ধ্যায় নিজের নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। রাতে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন।

দলীয় সূত্র জানায়, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। এরপর শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নেয়ার পর রাতে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.