দীর্ঘ ২০ বছর পর আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বেলা ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় রংপরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
এদিকে, তারেক রহমানের রংপুরে নির্বাচনি জনসভা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব।
সংবাদ সম্মেলনে আসাদুল হাবিব বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর রংপুরের মাটিতে তারেক রহমান আসছেন। এ আনন্দের সংবাদ যখন রংপুর বিভাগের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যায়, ভোটার ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ আমরা লক্ষ করছি। আমরা মনে করি, এ জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
বৃহত্তর রংপুর নিয়ে তারেক রহমানের কাছে বেশ কিছু দাবি জানানো হবে বলে জানান আসাদুল হাবিব। দাবিগুলো হলো- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলা বিমানবন্দর চালুকরণ, ভারি শিল্প ও গ্যাস সংযোগ, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন, পর্যটনশিল্পের আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ প্রযুক্তিকেন্দ্র স্থাপন, রংপুর বিভাগের প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানের কারখানা স্থাপন, রংপুর বিভাগের প্রতিটি জেলার সমন্বয়ে এশিয়ান হাইওয়ে তৈরি, রংপুর বিভাগের বন্ধ হয়ে যাওয়া স্থলবন্দরগুলো চালু ও আধুনিকায়ন, রংপুর বিভাগের প্রতিটি জেলা-উপজেলায় শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন এবং জুলাই গণ–অভ্যুত্থানে রংপুরের বীর যোদ্ধা শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপন করা।
এদিকে, তারেক রহমানের আগমন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ বলেন, জনসভাকে কেন্দ্র করে রংপুর মেট্রোপলিটন পুলিশ যথাযথ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। একজন ভিআইপির নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। সমাবেশস্থলের চারপাশের ভবনগুলোতে সাদাপোশাকে পুলিশসহ গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সার্বিক বিষয়ে যাতে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









