রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দেশে আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না: জামায়াতে আমির

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

দেশে আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না: জামায়াতে আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আগামীর বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদকে মানব না। আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকারকে এদেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।’

শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা চাঁদাবাজি ও দুর্নীতির গোড়া কেটে দিতে চাই। তবে যারা দুর্নীতি ও চাঁদাবাজি করেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ, আমরা এমন সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিক তার জীবন, সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে। হালাল রুজি দিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে।’ 

তিনি বলেন, ‘আপনারা এই অপকর্মগুলো ছেড়ে দেন। জাতিকে আর কষ্ট দিয়েন না। আপনারাও একসময় মজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হলেন। আশা করি, আপনারা সংশোধন হয়ে যাবেন।’

জামায়াতে আমির বলেন, ‘সাড়ে ১৫ বছরে যারা মজলুম ছিলেন, তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে। আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাচ্ছি। ১৮ কোটি মানুষের বিজয় হবে আমাদের ১১ দলের সবার বিজয়। ১১–দলীয় জোটের যেখানে যে প্রতীক, সেই প্রতীকের পক্ষে আমাদের দাঁড়াতে হবে।’

সভাপতির বক্তব্যে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমি এর আগে নির্বাচিত হয়ে দুটো কাজকে প্রাধান্য দিয়েছিলাম। আমি আমার সময়ে রক্তপাত না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমি সেই প্রতিশ্রুতি রক্ষাও করেছিলাম। এ ছাড়া আমি চৌদ্দগ্রামে রাজনৈতিক প্রতিহিংসাও বন্ধ করেছিলাম। চৌদ্দগ্রামের সবাই আমার ভাই।’ 

তিনি আরও বলেন, ‘এখানকার কাউকে আমি দলীয় চোখে দেখি না। যারা বিএনপি করেন, তারা আমার ভাই। যারা অন্যান্য দল করেন, তারাও আমার ভাই। এমপি কোনো দলের প্রতিনিধি নয়, এমপি হচ্ছে জনগণের প্রতিনিধি। তাই আমি এই চৌদ্দগ্রামের দলমত–নির্বিশেষে সবার কাছে ভোট চাচ্ছি।’

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.