রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আমি আপনাদের ঘরের ছেলে: তারেক রহমান

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

আমি আপনাদের ঘরের ছেলে: তারেক রহমান

পৈতৃক ভিটার আঙিনায় ফিরে আবেগাপ্লুত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজকে আমাকে ছেড়ে দেন। আজকে যাই। আমি তো ঘরের ছেলে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য কাজ করতে পারি।’

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমি আপনাদের ঘরের সন্তান। বহু বছর পর আপনাদের এলাকায় এসেছি। এর আগে যখন আসতাম তখন এলাকা ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলতাম, কাজ দেখতাম।’

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আপনাদের এই এলাকার উন্নয়নসহ মানুষের দুঃখ-কষ্ট দেখভালের জন্য আমি মিল্টনকে (বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টন) দায়িত্ব দিয়ে গেছি। আপনারা ধানের শীষে ইনশাআল্লাহ ১২ তারিখে মিল্টনকে জয়যুক্ত করবেন।’

বক্তব্যের এই পর্যায়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘কি ভাই ঠিক আছে? ধানের শীষকে জয়যুক্ত করবেন তো?’ এ সময় জনতা হাত তুলে সমস্বরে বলেন, ‘হ্যাঁ’ ।

তারেক রহমান আরও বলেন, ‘আজকে আমাকে ছেড়ে দেন। আজকে যাই। আমি তো ঘরের ছেলে। ইনশা আল্লাহ দুদিন পর আবারও আসব। আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য কাজ করতে পারি।’

বগুড়া-৭ আসনের গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তারেক রহমানের পৈতৃক বাড়ি। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত প্রতিটি নির্বাচনে এই আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ধানের শীষের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। এবারও খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। তবে তার মৃত্যুজনিত কারণে এ আসনে প্রার্থী হয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।

শেরপুরে পথসভা

এছাড়াও, তারেক রহমান বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে দেড়টার দিকে শেরপুর শহরের ধুনট মোড়ে এক পথসভায় বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজের জন্য ভোট চান।

পথসভায় শেরপুর-ধুনট উপজেলার ভোটারদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘বহু বছর পর আবারও আপনাদের কাছে ফিরে এসেছি, এ জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আগামী ১২ তারিখে দেশে বহু প্রত্যাশিত নির্বাচন। অতীতে প্রত্যেকটি নির্বাচনে শেরপুর-ধুনটবাসী ধানের শীষকে জয়যুক্ত করেছে। যতবার ধানের শীষ জয়যুক্ত হয়েছে, ততবার শেরপুর-ধুনট এলাকার উন্নয়ন সাধনে ধানের শীষ সচেষ্ট থেকেছে।’

তারেক রহমান আরও বলেন, ‘এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থী সিরাজ সাহেবকে আমরা জয়যুক্ত করব। সকলে ভালো থাকবেন। নির্বাচনের পর ইনশাআল্লাহ আবার দেখা হবে।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.