পবিত্র শবে বরাতকে শাবান মাসের একটি মহিমান্বিত রাত উল্লেখ করে এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই কথা বলেন।
পোস্টে তারেক রহমান লিখেন, শবে বরাতের রাতের ফজিলত, মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। এই রজনীতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভান্ডার। এই রাত জানান দেয় রমজানের আগমনী বার্তা। এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র নিকট ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিৎ, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।
এই রাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত পাওয়া জানিয়ে বিএনপির চেয়ারম্যান লিখেন, বিশ্বাসী মুসলমানগণ সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন।
তারেক রহমান লিখেছেন, আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখবো, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন।
তিনি আরও লিখেন, বিশ্ব শান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমরা একান্ত মোনাজাত করবো।
পবিত্র শবে বরাতের রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









