ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনভুক্ত এলাকার কয়েকটি বস্তির বাসিন্দাদের সমস্যা শুনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেন, ‘আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা। করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মেধা ও শ্রমের মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে জুবাইদা রহমান বলেন, ‘এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ এবং শ্রমের মর্যাদা আমরা নিশ্চিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা। করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।’
জুবাইদা রহমান বলেন, ‘আপনাদের সমস্যা অনেক। আমি, আপনি আমাদের সবার সমস্যা অনেক। কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান দলের নির্বাচনি ইশতেহার নিয়ে বলেন, ‘এককথায় বলতে চাই, যে যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনি ঘোষণা (ইশতেহার) পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে তা পড়বেন। আপনারা যা যা চেয়েছেন, তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে।’
বস্তি উচ্ছেদ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকার বস্তিবাসীদের উচ্ছেদ না করে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাটের ব্যবস্থা করবে।’
বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা–১৭ আসনের আওতাধীন কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দারা অংশ নেন। সেখানে বস্তিবাসীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন জুবাইদা রহমান। সভায় প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকি, নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির দলনেতা ফরহাদ হালিম (ডোনার) প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









