সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশনে সিইসির কাছে চিঠি পাঠান। একই চিঠির অনুলিপি স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলের সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের করণীয় নেই। এ বিষয়ে সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি বলেন, সংবিধানে দল থেকে বহিষ্কার হলে সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার বিধান নেই; সেখানে দল থেকে পদত্যাগের বিষয়টি উল্লেখ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









