রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক জরুরি ব্রিফিংয়ে শফিকুর রহমান এ কথা বলেন।
রাষ্ট্রপতি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে জামায়াতের কোনো আগ্রহ নেই উল্লেখ করে দলটির আমির বলেন, ‘‘তিনি কী কারণে পদত্যাগ করেছেন, এ বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কারণ, আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন। তিনি তার যোগ্যতা হারিয়েছেন।’’
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘‘অস্থায়ী রাষ্ট্রপতি যত দিন দায়িত্ব পালন করবেন, পক্ষপাতিত্ব না করে ন্যায়নিষ্ঠভাবে, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালন করবেন বলে জামায়াত আশা করে। এ ক্ষেত্রে জামায়াত তাকে সর্বাত্মক সহযোগিতা করবে।’’
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া সরে গেল।’’
তিনি বলেন, ‘‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন— এটাই আমাদের প্রত্যাশা। এ দায়িত্ব পালনে জামায়াতে ইসলামী তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা চাই, পরবর্তী রাষ্ট্রপতি এমন কেউ হোন, যিনি কোনো তোষামোদকারী নন।’’
এসময় সদ্য সাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি বলেন, ২০২৪ সালের গণহত্যায় তিনি নীরব সহযোগীর ভূমিকা পালন করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









