জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন গণদাবি বাস্তবায়নের লক্ষে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর ঐতিহাসিক টাউন হল চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর ব্যয়ের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে। এমনিতেই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়েছে।
তিনি আরও বলেন, একলাফে লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে শুধু পরিবহন খাতই ক্ষতিগ্রস্ত হবে না, বরং কৃষি উৎপাদন, কলকারখানা ও ব্যবসার সামগ্রিক খরচ আশঙ্কাজনকভাবে বাড়বে। এর ফলে বাজারে প্রতিটি পণ্যের দাম নতুন করে বৃদ্ধি পাবে, যার চূড়ান্ত মাশুল গুনতে হবে সাধারণ জনগণকেই।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি ও দখলদারি বন্ধের মতো জনগুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় বিএনপি সরকার ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান।
সমাবেশে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য শামীম কবির, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









