জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি ভাড়াকৃত বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকায় মো. দুলালের ভাড়াকৃত বসতঘরে গাঁজার পাইকারি ব্যবসা করার তথ্য পায় অধিদপ্তর। পরে তথ্যটি যাচাই করে সত্যতা পাওয়ার পর বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মো. আরিফ মিয়া, মো. শরিফুল ইসলাম ও মো. আকরাম হোসাইনসহ একটি রেইডিং টিম ওই বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে বসতঘরটি তল্লাশি করে খাটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. দুলালকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে দুলাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জানায়, উদ্ধার করা গাঁজা ইসলামপুর থানার ডিগ্রীরচর ফরাজীপাড়া এলাকার মো. শাহ আলীর কাছ থেকে সংগ্রহ করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা সংরক্ষণের অভিযোগে দুলালের বিরুদ্ধে একই আইনে মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









