বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুয়েক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান।’
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের চেয়ারপার্সনের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণে তারেক রহমানকে এই পদে বসানো হবে।’
তিনি আরো বলেন, ‘বরাবরের মতো এবারো সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি।’
আগামী নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এটি এ জন্য গুরুত্বপূর্ণ যে, মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি ‘
বিএনপির মহাসচিব মব-সহিংসতা প্রসঙ্গে বলেন, ‘অর্ন্তবর্তী সরকার আসার পর দেশে নতুন একটা কালচার শুরু হয়েছে, তা মবোক্রেসি। এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে আমাদের বের হতে হবে।’
সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আসুন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।’ গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন খন্দকার আবদুল মুক্তাদীর, এম এ মালিক, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক। আরো ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









