সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোটের স্বচ্ছতায় সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত জরুরি: মাহদী আমিন

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

ভোটের স্বচ্ছতায় সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত জরুরি: মাহদী আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করা জরুরি।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, ‘ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করা জরুরি। এনআইডি কার্ড বা পাসপোর্টের ছবি তোলার সময় যেভাবে মুখমণ্ডল অনাবৃত করা হয়, ঠিক সেভাবেই নারী প্রিসাইডিং কর্মকর্তা বা নারী চ্যালেঞ্জকারী এজেন্টের উপস্থিতিতে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে। আমরা পর্দার মর্যাদা রক্ষা করেই স্বচ্ছ ভোট নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, দেশের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ বোরকা ও নিকাব বানানো হচ্ছে। বিএনপি একটি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে নারীর আব্রু ও পর্দার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বোরকা ও নিকাব আমাদের ধর্মীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুঃখজনক হলো, এই পবিত্র পোশাককে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো নির্দিষ্ট গোষ্ঠী যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তবে তা হবে চরম অনৈতিক।’

একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখছি একটি দল জান্নাতের টিকিট বিক্রির প্রলোভন দিয়ে এবং ধর্মকে অপব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মুখে ভারতবিরোধী অবস্থানের কথা বললেও তাদের নির্বাচনী ইশতেহারে ভারতের ছবি ব্যবহার করেছে। এমনকি ভোটারদের বিকাশ নম্বর ও এনআইডি সংগ্রহ করে অবৈধ অর্থ লেনদেনের চেষ্টাও তারা করছে। এটি স্পষ্টতই ভোটারদের সাথে প্রতারণা।’

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষতা ও কিছু প্রজ্ঞাপন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মাহদী আমিন। বিশেষ করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তিনি ‘উৎসবমুখর পরিবেশে বিরূপ প্রভাব’ হিসেবে দেখছেন।

মাহদী আমিন বলেন, ‘ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত সাধারণ ভোটারদের নিরুৎসাহিত করবে। আমরা চাই, নির্বাচন কমিশন এই বিতর্কিত প্রজ্ঞাপন থেকে সরে আসুক।’

সংবাদ সম্মেলনে পর্যবেক্ষক নিয়োগের পরিসংখ্যান তুলে ধরে মাহদী আমিন জানান, কমিশন অনুমোদিত ৮১টি সংস্থার মধ্যে ১৬টি সংস্থাকেই দেওয়া হয়েছে প্রায় ৬৯ শতাংশ পর্যবেক্ষক পাঠানোর অনুমতি।

তিনি অভিযোগ করে বলেন, ‘এই সংস্থাগুলো অপেক্ষাকৃত অখ্যাত এবং এদের সাথে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটি একটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়।’ বিএনপি ইতিমধ্যে এ ব্যাপারে লিখিতভাবে নির্বাচন কমিশনকে আপত্তির কথা জানিয়েছে বলে জানান তিনি।

একটি বেসরকারি সংস্থার জরিপের বরাত দিয়ে মাহদী আমিন বলেন, দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। দল-মতনির্বিশেষে সবার ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.