জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন তিনি। এ হত্যাকাণ্ডের ৫১ বছর পূর্ণ হলো আজ।
সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাই শেখ আবু নাসেরসহ আরও কয়েকজন নিহত হন। একই রাতে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুর রব সেরনিয়াবাতসহ তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।
বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয়। ১৯৯৮ সালে ১৫ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালত ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এ পর্যন্ত ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেন। তার নেতৃত্বেই বাঙালির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে।
তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। একই সময় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে হামলা, অগ্নিসংযোগ ও পরবর্তী সময়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









