জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সহিহভাবে অর্থসহ কোরআন পড়তে শেখা প্রত্যেকের জন্য ফরজ। কোরআন শুধু পড়লেই হবে না, তা শিখতে, বুঝতে এবং বাস্তব জীবনে মেনে চলতে হবে। তাহলেই দুনিয়া ও আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি কেন্দ্রীয় তা’লীমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের পরিচালনায় এবং অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহর এই কিতাব মানুষকে সহিহভাবে পড়া ও শেখার পাশাপাশি এর নির্দেশনা বুঝে জীবন পরিচালনা করতে হবে।
তিনি বলেন, মানুষ যখন আল্লাহর কিতাব মেনে চলেছে, তখন তারা দুনিয়ায় সম্মান ও শান্তির সঙ্গে বসবাস করেছে। আর যখন মানুষ আল্লাহর কিতাব থেকে দূরে সরে গেছে, তখন তাদের ওপর নানা বালা-মুসিবত এসেছে। মানুষ পথভ্রষ্ট হয়ে দুনিয়ায় লাঞ্ছিত ও অপমানিত হয়েছে এবং এখনও হচ্ছে।
জামায়াত আমির বলেন, কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান ছাড়া কোরআনের নির্দেশনা যথাযথভাবে পালন করা সম্ভব নয়। একই সঙ্গে অন্যদের আল্লাহর দিকে আহ্বান করাও সম্ভব নয়। তাই মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হলে নিজের বাস্তব জীবনের সর্বক্ষেত্রে কোরআনের নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি বলেন, শুধু মুখে দাওয়াত দিলেই হবে না, নিজের জীবনেও ইসলামের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আন্তরিকতার সঙ্গে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে হবে। মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার মাধ্যমেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।
তিনি আরও বলেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষদের নবী, রাসুল ও পয়গম্বর হিসেবে বেছে নিয়েছেন এবং তাদের ওপর কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নির্দেশনা অনুযায়ী নবী-রাসুলরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এবং তা’লীমুল কুরআন বিভাগের প্রধান উস্তাজ মাওলানা আব্দুর রহিম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









