বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ মুহূর্তে দলের শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে। পাশাপাশি দল ও জনগণের জন্যও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তা জনগণের মধ্যে অনেক বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, হাজারো ষড়যন্ত্রের মধ্যেও বিএনপি সেগুলো মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দের ওপর থাকবে। এ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনাও বেশি বলে আশা প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









