ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২৩টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। এখন পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব ফল ঘোষণা করেন।
নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২৩টির বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৫৬টি আসন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৬০টি আসনে জয় পেয়েছে। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৭টায় সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









