দীর্ঘ পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে পারিবারিক সূত্র।
সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার সঙ্গে একই ফ্লাইটে ফিরছেন স্ত্রী আফরোজা আব্বাস।
মালয়েশিয়া থেকে আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
পরিবার ও দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য প্রতিদিন ফিজিওথেরাপির ব্যবস্থাও রাখা হয়েছে।
এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









