আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার সময় হাতকড়া, মাথায় হেলমেট ও গায়ে ভেস্ট পরানো থেকে অব্যাহতি চেয়েছেন সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। তিনি বলেছেন, ‘‘মনে হচ্ছে আমি সবার টার্গেট। আমি ট্রাইব্যুনালের কাছে সুবিচার চাই।’’
বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এর একক বেঞ্চে সাক্ষ্যগ্রহণ শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। বেঞ্চে সভাপতিত্ব করেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় একমাত্র আসামি হিসেবে জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। এদিন মামলায় দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আব্বাস মল্লিক। নিজের ভাই আলকাছ মল্লিককে হত্যার জন্য জিয়াউল আহসানকে দায়ী করে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
জবানবন্দি শেষে আব্বাস মল্লিককে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও সাহিদুর রহমান। জেরা শেষ হলে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান জিয়াউল আহসান। অনুমতি পেয়ে তিনি জানান, সেনাবাহিনীতে চাকরির সময় প্রশিক্ষণের কারণে তার কোমর ও ঘাড়ে ব্যথার সমস্যা হয়েছে। কারাগার থেকে ট্রাইব্যুনালে আনার সময় হাতকড়া, হেলমেট ও ভেস্ট পরানোয় তিনি এসব থেকে অব্যাহতি চান।
বিষয়টি নিয়ে প্রসিকিউশনের বক্তব্য জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আসামিকে কীভাবে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হবে, সেটি জেল কর্তৃপক্ষের এখতিয়ার। নিরাপত্তার কারণেই তাকে এভাবে আনা হচ্ছে বলে তিনি মনে করেন।
পরে ট্রাইব্যুনাল জিয়াউল আহসানকে জানায়, নিরাপত্তার স্বার্থেই তাকে হাতকড়া, হেলমেট ও ভেস্ট পরানো হচ্ছে বলে প্রসিকিউশন জানিয়েছে।
জবাবে জিয়াউল আহসান বলেন, প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানার দূরত্ব মাত্র পাঁচ গজ। এ ছাড়া গাড়ি থেকে নামানোর সময় সেখানে প্রায় ২০ জন পুলিশ সদস্য থাকেন। তাই তাকে হেলমেট, হাতকড়া ও ভেস্ট পরানোর প্রয়োজন নেই।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘‘পাঁচ গজ নয়, এক গজ দূর থেকেও কেউ চাইলে স্নাইপারে টার্গেট করতে পারেন।’’
এর জবাবে জিয়াউল আহসান বলেন, ‘‘এখানে টার্গেট নেওয়ার কোনো দিক নেই। ট্রাইব্যুনালে অনেক বেশি নিরাপত্তা। চাইলেই কেউ টার্গেট করতে পারবেন না।’’
পরে হাতকড়া ও ভেস্ট পরানো থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করার পরামর্শ দেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









