রাজধানীর মিরপুরের শাহ আলীতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে যুবদলের শাহ আলী থানা ও স্বেচ্ছাসেবক দলের দারুস সালাম থানার কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৃথক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
২০২৪ সালের ৪ নভেম্বর আমিনুল হকের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি গঠিত হয়েছিল। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এর আগে আহ্বায়ক সাইফুল আলম নিরবের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পর তার কমিটি বিলুপ্ত করা হয়েছিল।
গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের শাহ আলী থানা এলাকায় দুর্বৃত্তরা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির অনুসারীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে। সিসি ক্যামেরার ফুটেজে থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েক নেতাকে ভাঙচুরের সঙ্গে সংশ্লিষ্ট দেখা গেছে বলে জানা যায়।
ঘটনাটি নিয়ে সমালোচনার মধ্যেই মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।
একই বিজ্ঞপ্তিতে অনৈতিক কার্যকলাপ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্রকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।
উত্তর যুবদলের আহ্বায়ক ছিলেন শরিফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব ছিলেন সাজ্জাদুল মিরাজ। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় সাজ্জাদুল মিরাজ তা ঠেকাতে সক্রিয় হয়েছিলেন বলে জানা যায়। তিনি শাহ আলী থানার তৎকালীন ওসি ও মিরপুর জোনের উপকমিশনারকে বিষয়টি জানিয়েছিলেন। ভাঙচুরের সময় পুলিশের নিষ্ক্রিয়তা এবং থানার ওসির সংশ্লিষ্টতার বিষয়টিও তিনি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছিলেন।
অন্যদিকে, মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, থানা যুবদল নেতা সাজ্জাদুর রহমান মিশু, মো. সোহল, কবির হোসেন ও আকবর হোসেনকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।
২০২৪ সালের ২৪ ডিসেম্বর মো. রবিন খানকে সভাপতি ও আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। বৃহত্তর মিরপুর ও মোহাম্মদপুরের ১১টি থানা এ কমিটির আওতাধীন।
মিরপুর এলাকায় চাঁদাবাজি এবং রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ছাত্রদলের কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগও পাওয়া গেছে। ভিডিও ফুটেজে থানা ও ওয়ার্ড পর্যায়ের কয়েকজনকে দেখা গেছে বলে জানা যায়।
বৃহত্তর মিরপুরের দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের দুই শীর্ষস্থানীয় নেতাকেও বহিষ্কার করা হয়েছে। বিএনপির এই অঙ্গসংগঠনের সহদপ্তর সম্পাদক ওসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার ও সদস্য সচিব হাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
সব মিলিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর মহানগর ও থানা পর্যায়ের কমিটি বিলুপ্তি এবং নেতাদের বিরুদ্ধে বহিষ্কারের এ সিদ্ধান্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনার পরই এলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









