কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। গণহত্যার দায়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এসব কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব।’ আওয়ামী লীগের বাংলাদেশবিরোধী এজেন্ডার পক্ষে কাজ করা গণমাধ্যমও ভবিষ্যতে গণপ্রতিরোধের সময় রেহাই পাবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা চালানোর পর দলটির নেতা-কর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে তারা আবারও জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
হেফাজতের নেতারা বলেন, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের বিচার নিশ্চিত না করে বিভিন্ন টক শো ও প্ল্যাটফর্মে আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে কথা বলায় জনমনে ক্ষোভ বাড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের সংশোধন করেনি। তাই দলটির বিষয়ে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।
হেফাজতের নেতারা দাবি করেন, ১৫ বছর রাষ্ট্রক্ষমতায় থেকে গুম-খুন এবং পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যার ঘটনায় আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









