স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।’
সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুন:খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না।’
তিনি বলেন, ‘আমরা কাজ করতে এসেছি। একদল বেহেস্তের টিকিট বিক্রি করে তো এবার ক্ষমতায় আসতে পারেনি। আমরা ভোট দিয়ে জান্নাতের টিকিট নেওয়ার দলে না। আমরা কাজ করে আরও পরিশ্রম করে বেহেশতে যাবো।’
সততার সঙ্গে খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশে ২০ হাজার খাল খনন করা হবে। ১৯৭৬ সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম খাল কাটা শুরু করেছিলেন, সে খাল কাটা যদি অব্যাহত থাকতো তাহলে আজ পানির সমস্যা হতো না দেশে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মহিলাদের হাতে যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, তাতে প্রতিটি পরিবারে মহিলার ক্ষমতা বেড়ে যাবে। একইভাবে কৃষকদেরও কৃষক কার্ড দেওয়ার আমরা ব্যবস্থা করছি, যাতে কৃষকরা আর অবহেলায় পড়ে না থাকে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









