ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলীয় সরকারের অধীনে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সাম্প্রতিক উপনির্বাচনগুলো তা আবারও প্রমাণ করেছে।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত এ কর্মসূচির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, জাল ভোট প্রদান এবং বিরোধী দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।”
তিনি আরো বলেন, “আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করছি। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই, অবিলম্বে এই দুই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক।”
বর্তমান ও অতীত সরকারের নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হয় না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই স্বচ্ছ হয়নি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভের কোনো রাস্তা অবশিষ্ট নেই।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









