জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গণভোটে ‘হ্যাঁ-এর পক্ষে প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন,আসন্ন গণভোটে ‘না’ পক্ষ জয়যুক্ত হলে আগের পদ্ধতিই বহাল থাকবে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইনের লক্ষ্যে ‘গণভোটের গাড়ি’ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’ এর পক্ষে কথা তুলছে। আমরা বলতে চাই, গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
তিনি আরও বলেন, যারা ‘না’-এর পক্ষে কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। ‘না’ ভোট পাস হলে নির্বাচিত হয়ে যে ক্ষমতায় আসবে, সে স্বৈরাচারী হবে। এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার ভোট। তাই মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান রইল।
নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করে সংস্কার করবে। আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়াবে বলে দেশকে ছারখার করে দিয়েছে। সস্তা প্রচারণা করে মানুষের সাথে প্রতারণা করা যাবে না।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সারা দেশে গণভোটের পক্ষে আজ থেকে আমাদের প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এনসিপি দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইনের লক্ষ্যে আজ ‘গণভোটের গাড়ি’ উদ্বোধন করেছে। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে গণভোটের প্রচারে গাড়িটি নির্বাচনের আগপর্যন্ত দেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









