বিশ্বসংগীত তারকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির সম্ভাব্য বিয়ে ইতোমধ্যেই বিশ্বজুড়ে অন্যতম আলোচিত পপ সংস্কৃতির ঘটনায় পরিণত হয়েছে। ২০১১ সালে ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম ও কেট মিডলটনের রাজকীয় বিয়ের পর এতটা আগ্রহ আর কোনো তারকা জুটির বিয়ে ঘিরে দেখা যায়নি বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এই আয়োজন সম্পর্কে নিশ্চিত তথ্য প্রায় নেই বললেই চলে।

কোথায়, কবে এবং কীভাবে বিয়ের অনুষ্ঠান হবে, এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়লেও সংশ্লিষ্ট পক্ষ বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছে। ফলে পুরো আয়োজন যেন রহস্যে ঘেরা এক ‘ক্লোক অ্যান্ড ড্যাগার’ অপারেশন। খ্যাতিমান বিলাসবহুল বিয়ের পরিকল্পনাকারী কলিন কাউই, যিনি অতীতে জেনিফার লোপেজ–বেন অ্যাফ্লেকসহ একাধিক তারকার বিয়ের আয়োজন করেছেন, মনে করেন এমন একটি অনুষ্ঠানের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তার ভাষায়, এই বিয়ের সামনের সারির একজন অতিথি হওয়া কেমন হতে পারে, তা জানতে বিশ্বজুড়ে মানুষের আগ্রহ থাকবে। তাই পুরো আয়োজন কঠোর নিরাপত্তার মধ্যে রাখতে হবে।
বিশ্লেষকদের মতে, সুইফট ও কেলসির সম্পর্ক দীর্ঘদিন ধরেই জনসমক্ষে আলোচনার কেন্দ্রবিন্দু। টেলর সুইফটের গানের ব্যক্তিগত গল্প, ভক্তদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইঙ্গিত দেওয়ার সংস্কৃতি ভক্তদের সঙ্গে এক ধরনের আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। ফলে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেও ভক্তদের আগ্রহ স্বাভাবিকভাবেই অনেক বেশি।

২০২৩ সালে প্রথমবারের মতো ক্যানসাস সিটি চিফসের একটি খেলায় সুইফটকে ট্রাভিস কেলসির সমর্থনে দেখা যাওয়ার পর থেকেই এই সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর সুপার বোল জয়ের পর মাঠে তাদের উদযাপন, লন্ডনে সুইফটের ‘ইরাস ট্যুর’-এ কেলসির আকস্মিক উপস্থিতি এবং পরবর্তীতে বাগদানের ঘোষণা, সব মিলিয়ে এই জুটি বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে উঠে আসে।
সম্প্রতি নিউইয়র্কে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় বিয়ের জল্পনা আরো জোরদার হয়েছে। তবে অনুষ্ঠান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না পাওয়ায় কৌতূহলও বেড়েই চলেছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উচ্চপ্রোফাইল বিয়ের আয়োজন সাধারণ অনুষ্ঠানের মতো নয়। অনাকাঙ্ক্ষিত অতিথি, পাপারাজ্জিদের নজরদারি কিংবা তথ্য ফাঁস ঠেকাতে অনেক সময় বিকল্প ভেন্যু, গোপন কোডনেম, মোবাইল ফোন নিষিদ্ধকরণ এবং কঠোর গোপনীয়তা চুক্তির (এনডিএ) মতো ব্যবস্থা নেওয়া হয়। এমনকি অতিথিদের অনুষ্ঠানস্থল শেষ মুহূর্ত পর্যন্ত না জানানো বা নির্দিষ্ট স্থান থেকে বিশেষ পরিবহনে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হতে পারে।
কলিন কাউই জানান, প্রথম ছবি বা ভিডিও সংগ্রহ করতে পারলে বিপুল অর্থ পাওয়া যায় বলে অনেকেই ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন। তাই নিরাপত্তা পরিকল্পনাও হয় অত্যন্ত কঠোর।
অতীতে কিম কারদাশিয়ান ও কানিয়ে ওয়েস্টের ইতালির দুর্গসদৃশ স্থানে আয়োজিত বিয়েতেও আলোকচিত্রীরা ছবি তুলতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে বিয়ন্সে ও জে-জেড নিজেদের ব্যক্তিগত বাসভবনে বিয়ের আয়োজন করে দীর্ঘ সময় অনুষ্ঠানটি গোপন রাখতে পেরেছিলেন।
সব মিলিয়ে টেলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে কেবল একটি ব্যক্তিগত অনুষ্ঠান নয়; এটি এখন বৈশ্বিক বিনোদন অঙ্গনের অন্যতম প্রতীক্ষিত ঘটনা। তবে কবে, কোথায় এবং কীভাবে সেই আয়োজন হবে, তা আপাতত রহস্যই থেকে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









