গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেছেন, ‘‘মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। সামাজিক অপরাধসমূহ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ এবং নারীদের নিরাপত্তাও সামাজিকভাবে নিশ্চিত করতে হবে।’’
বৃহস্পতিবার (১১ জুন) গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরে আবুল কাশেম দাখিল মাদ্রাসার হলরুমে কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘‘মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করলে অনেক প্রভাবশালী ব্যক্তি পুলিশকে ফোন করে ছাড়ানোর চেষ্টা করেন, যা খুবই দুঃখজনক। সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে হলে আগে এই প্রবণতা ত্যাগ করতে হবে। সমাজের সকলের মনোভাব হওয়া উচিত যে, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’’
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান মাজু, সাধারণ সম্পাদক ফাওজুল কবির ফুল মিয়া, বিএনপি নেতা কার্জন চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শাহ আলম, শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক সাংবাদিক ময়নুল ইসলাম, মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা, উপদেষ্টা শফিকুল আজম চুনু মাস্টার, শিক্ষার্থী আনহা তাসনিম আঁকামনি, ওয়াফিয়াহ আয়াত ও হাসি আক্তার হিমু প্রমুখ।
এর আগে ইউনিয়ন পরিষদ, শিক্ষার্থী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিট পুলিশের দায়িত্ব পালনকারী এসআই আনিছুর রহমান। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









