‘গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম’—কথাটি মানুষের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষার গুরুত্ব বোঝাতে বহুল ব্যবহৃত একটি প্রবাদ। এর মূল আরবি রূপ ‘সিররুকা আসিরুকা, ফাইজা তাকাল্লামতা বিহি সিরতা আসিরাহু’।
অর্থাৎ, যতক্ষণ গোপন কথা নিজের কাছে থাকে, ততক্ষণ সেটি নিজের নিয়ন্ত্রণে থাকে; কিন্তু একবার অন্যের কাছে প্রকাশ করলে সেই গোপন কথাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরবি সাহিত্য ও প্রবাদসংগ্রহে ‘সিররুকা আসিরুকা’ বাক্যটি দীর্ঘদিন ধরে প্রচলিত। ‘লুবাবুল আদাব’ গ্রন্থে এটি আলী ইবনে আবি তালিবের নামে উদ্ধৃত হয়েছে। সেখানে বলা হয়েছে, গোপন কথা প্রকাশ করার পর মানুষ নিজেই সেই গোপন কথার বন্দি হয়ে যায়।
একই বক্তব্য প্রাচীন আরবি সাহিত্যের ‘কিতাবুজ জাহরা’ গ্রন্থেও পাওয়া যায়। সেখানে গোপন কথা সংরক্ষণ এবং তা প্রকাশ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
প্রবাদটির শিক্ষা খুব সহজ—সব কথা সবাইকে বলা উচিত নয়। কারণ একবার কোনো গোপন তথ্য অন্যের কাছে চলে গেলে সেটি আর নিজের নিয়ন্ত্রণে থাকে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









