আবারও বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বস সাময়িকীর প্রকাশ করা বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ৫০ অ্যাথলেটের তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন এই তারকা। ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই আয়ের দিক থেকে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।
গত ১২ মাসে রেকর্ড ৩০০ মিলিয়ন মার্কিন ডলার (তিন হাজার ৬৮৮ কোটি টাকা) উপার্জন করেছেন রোনালদো।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। তার আয় ১৭০ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে আছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলা ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার মোট আয় ১৪০ মিলিয়ন ডলার, যার অর্ধেক মাঠের পারফরম্যান্স থেকে এবং বাকি অর্ধেক বাণিজ্যিক চুক্তি থেকে এসেছে।
তালিকায় শীর্ষ পাঁচে জায়গা ধরে রাখলেও রোনালদোর চেয়ে বেশ পিছিয়ে আছেন লিওনেল মেসি। ১৪০ মিলিয়ন মার্কিন ডলার (এক হাজার ৭২১ কোটি টাকা) আয় নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক বিখ্যাত সাময়িকী ফোর্বস এই তালিকা করেছে খেলোয়াড়দের মাঠের ভেতরের চুক্তিভিত্তিক আয় এবং মাঠের বাইরের বাণিজ্যিক আয় এই দুটি খাতের মোট অর্থ যোগ করে।
তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানটি দখল করে নিয়েছেন লস অ্যাঞ্জেলেসের দুই ক্রীড়া তারকা। লস অ্যাঞ্জেলেস লেকার্সের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস ১৩৭.৮ মিলিয়ন ডলার নিয়ে আছেন চার নম্বরে। আর বেসবল দুনিয়ায় ঝড় তোলা লস অ্যাঞ্জেলেস ডজার্সের জাপানি তারকা শোহেই ওহতানি ১২৭.৬ মিলিয়ন ডলার আয় করে আছেন পঞ্চম স্থানে।
এই তালিকায় অন্যান্য বড় নামের মধ্যে আছেন কানসাস সিটি চিফসের কোয়ার্টার ব্যাক প্যাট্রিক মাহোমস (১৫তম, ৮৪.৭ মিলিয়ন ডলার), আলোচিত বক্সার জেক পল (২৩তম, ৭০ মিলিয়ন ডলার) এবং ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার (৫০তম, ৫৪.৬ মিলিয়ন ডলার)।
এবারের শীর্ষ ১০ ক্রীড়াবিদের সম্মিলিত আয় দাঁড়িয়েছে রেকর্ড ১.৪ বিলিয়ন ডলারে, যা এক দশক আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









